সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট ইউনিয়নের শীলতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে কৃষ্ণপদ বৈদ্য (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবারো (৩ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কৃষ্ণপদ বৈদ্য। পথিমধ্যে অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।