দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে নগরীর শান্তিধাম মোড়স্থ ৪০ শামসুর রহমান রোডের মিশু ফার্মেসির দ্বিতীয় তলায় এ কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি বলেন, বিগত সরকারের পেটুয়া বাহিনীর কারণে মহানগরী ছাত্রশিবিরের অফিস বন্ধ করে রাখা হয়েছিল। আজকে আমরা জনগণের পর খুলনা মহানগরী ছাত্রশিবিরের অফিস উদ্বোধন করতে পেরেছি। আগামী দিনে ইসলামী বিপ্লব হওয়ার আগ পর্যন্ত এই অফিসে এক হতে পারি সে জন্য এলাকাবাসীর কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
‘সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি আমাদের অঙ্গীকার’ -এই শ্লোগানকে সামনে রেখে মহানগরী কার্যালয় উদ্বোধনী এ সভা করে ছাত্রশিবির।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যকরি সদস্য ও খুলনা মহানগরী সভাপতি আলাফাত হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল। বক্তৃতা করেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান নাঈম, সাবেক মহানগর সভাপতি আব্দুল আউয়াল।
মহানগরী সেক্রেটারি এস এম নূরুল্লাহ এর পরিচালনায় কেন্দ্রীয় স্কুল বিভাগের সহকারি হাসানুর রহমান, সাইদুর রহমান, ইস্রাফিল হোসেন, তৈয়েবুর রহমান, ইমরানুল হক, হাবিবুল্লাহ রাজু, আসিফ বিল্লাহ, সোলায়মান আবিদ, আবুল হাসান, মারুফ বিল্লাহ, খায়রুল বাশার, হযরত আলী, বেলাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে এ দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত সুখ ভোগ করছে বলে আমরা বিশ্বাস করি। আওয়ামী লীগ ও তাদের দোসরদের কারণে ছাত্রশিবিরে অফিস বন্ধ করে রাখা হয়। তাওহীদি জনতার নেতৃত্বে আজ আবার নতুন করে নতুন স্থানে কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, এটা শুধু ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় না, তরুণ, যুবক ও ছাত্রদের মাঝে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য ছাত্ররা নিজেরা এক টাকা, দুই টাকা, একশ’ টাকা দিয়ে অফিস প্রতিষ্ঠা করেছিল। কিন্তু দুর্ভাগ্য বিগত সরকারের পেটুয়া বাহিনী ও ‘ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগের দুষ্কৃতিকারীরা ছাত্রশিবিরের অফিস থেকে কম্পিউটার, বাতি, ফ্যান, চেয়ার, টেবিল বইসহ বহু টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিতে চাই না। ছাত্রশিবির মাফ করতে জানে, কারণ মাফ করা রাসুলুল্লাহ (স.)-এর সুন্নাত।’ তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা সত্যের পক্ষে থাকবেন। আপনারা জাতির বিবেক। জাতিকে সত্যটা পৌঁছিয়ে দিবেন।#