আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “মাদক সমস্যার বৈশ্বিক চিত্র: অমীমাংসিত সমস্যা, নতুন চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী পদক্ষেপ”।
শুক্রবার (২৬ জুন) বিকেলে শ্যামনগর উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর জেসি কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা যুব বিভাগের সভাপতি সাইদি হাসান বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, অধ্যাপক গাজী আব্দুল হামিদ, অধ্যাপক মহসিন আলম, ইমাম হাসান, আব্দুর রশিদ, আসাদুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি জাতীয় ও বৈশ্বিক সমস্যা, যা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের ভয়াবহ বিস্তারের ফলে দেশের তরুণ সমাজ নৈতিক অবক্ষয়, অপরাধপ্রবণতা ও সামাজিক অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, ইসলাম মানুষকে সকল ধরনের নেশা ও মাদক থেকে বিরত থাকার শিক্ষা দিয়েছে। কুরআন ও সুন্নাহভিত্তিক নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা সম্ভব।
এ সময় বক্তারা সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ বন্ধ, মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং যুবসমাজের জন্য কর্মসংস্থান ও গঠনমূলক কর্মকাণ্ডের সুযোগ বৃদ্ধির দাবি জানান। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।