সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর এলাকায় একটি হার্ডওয়্যার দোকানে ঢুকে পড়ে একটি বড় আকৃতির অজগর সাপ। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করেন। সোমবার (২৯ জুন) সকালে নীলডুমুর ঘাট এলাকার ওই দোকানে ঘটনাটি ঘটে। সকালে দোকান খুলতে গিয়ে ব্যবসায়ী হারুন দোকানের ভেতরে অজগর সাপটি দেখতে পান। হঠাৎ সাপটি দেখতে পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং আশপাশের লোকজনকে বিষয়টি জানান।
পরে বন বিভাগকে খবর দেওয়া হলে বনকর্মী ও কমিউনিটি প্যাট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটি উদ্ধার করেন। ব্যবসায়ী হারুন বলেন, জনবসতিপূর্ণ এলাকায় এত বড় অজগর আগে দেখা যায়নি। কীভাবে সাপটি দোকানে প্রবেশ করেছে, সেটিও তার কাছে রহস্যজনক মনে হয়েছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফরেস্টার ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। প্রাথমিকভাবে সাপটিকে কলাগাছিয়া বন ফাঁড়িতে নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়। পরে সেটিকে সুন্দরবনের উপযোগী পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগের ধারণা, নীলডুমুর সংলগ্ন খোলপেটুয়া নদী দিয়ে জোয়ারের পানির সঙ্গে ভেসে সুন্দরবন থেকে সাপটি লোকালয়ে চলে আসতে পারে। ঘটনার পর এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।