সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

শ্যামনগরে ডেঙ্গু সচেতনতায় রিপোর্টার্স ক্লাব

মো. রাকিবুল্যাহ সোহাগ: / ৮২ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, রোগী, তাদের স্বজন ও সেবাগ্রহীতাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ও কোস্টাল ইউথ সোসাইটি।

কর্মসূচিতে উপস্থিত থেকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন, বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। যদিও এখন পর্যন্ত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী ভর্তি হয়নি, তবুও সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে এসে পরীক্ষা করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা। বাসাবাড়ির আশপাশে টব, টায়ার, নারকেলের খোসা, ড্রাম, বালতি ও অন্যান্য পাত্রে জমে থাকা পরিষ্কার পানি তিন দিনের বেশি রাখা যাবে না। মশারি ব্যবহার করতে হবে এবং মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। তিনি জানান, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণের কিট ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পর্যাপ্ত রয়েছে। আক্রান্ত ব্যক্তিকে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ডা. জিয়াউর রহমানের হাতেও প্রতীকীভাবে একটি সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়া হয়।

শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস. কে. সিরাজুল ইসলাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। মানুষের দোরগোড়ায় সচেতনতার বার্তা পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। সবাই নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এডিস মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।”

ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। তাই সবাইকে সচেতন হয়ে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। জনস্বার্থে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ও কোস্টাল ইউথ সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য মো. রাকিবুল্যাহ সোহাগ, রায়হানুল ইসলাম, রাজু আহমেদ, রাইসুল মিথুন ও আলতাব হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং কোস্টাল ইউথ সোসাইটির প্রতিনিধিরা।

আয়োজকদের মতে, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব এবং ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com