সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর উদ্যোগে স্মার্ট কার্ডধারী উপকারভোগীদের মাঝে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমের আওতায় উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকার ৭১৪টি পরিবার স্বল্পমূল্যে টিসিবির পণ্য সংগ্রহের সুযোগ পেয়েছে।সোমবার (২৭ জুলাই) দক্ষিণ শ্রীপুর বাজারে মেসার্স আলহাজ ট্রেডার্স মার্কেট সংলগ্ন টিসিবি ডিলার পয়েন্টে এ কার্যক্রম পরিচালিত হয়। স্মার্ট টিসিবির অনুমোদিত ডিলার আবুবকর সিদ্দীকের তত্ত্বাবধানে কার্ডধারী উপকারভোগীদের মাঝে সুষ্ঠু ও শৃঙ্খল পরিবেশে পণ্য বিক্রি করা হয়।প্রতিটি প্যাকেজে ছিল ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১০০ গ্রাম লাক্স সাবান, ১২৫ গ্রাম লন্ড্রি সাবান এবং ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার। প্রতিটি প্যাকেজের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ৫১৮ টাকা।বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন কালিগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মণ্ডল।
এ সময় তিনি বলেন, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে স্মার্ট কার্ডভিত্তিক এ ব্যবস্থার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খলভাবে পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। এতে অনিয়ম কমার পাশাপাশি সাধারণ মানুষ সহজেই তাদের প্রাপ্য সুবিধা গ্রহণ করতে পারছেন।পণ্য গ্রহণে আসা উপকারভোগীরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে টিসিবির এ কার্যক্রম নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। তারা সরকারের এ উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার দাবি জানান।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।