রমজাননগর সড়ক পরিদর্শনে ইউএনও, ত্রুটি সংশোধনের নির্দেশ
মো. রাকিবুল্যাহ সোহাগ:
/ ১১০
Time View
Update :
বুধবার, ৮ জুলাই, ২০২৬
Share
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চৌকিদারপাড়া গ্রামে নির্মাণাধীন প্রায় এক কিলোমিটার দীর্ঘ ইটের সলিং সড়ক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন। বুধবার (৮ জুলাই ২০২৬) স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তারা সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে সড়ক নির্মাণকাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
স্থানীয়দের অভিযোগ, নদীর পাড়সংলগ্ন বাঁধের ওপর দিয়ে নির্মাণাধীন সড়কের দুই পাশে পর্যাপ্ত মাটি ভরাট না করায় কয়েকটি স্থানে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া নির্মাণকাজের মান নিয়েও এলাকাবাসী বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পরিদর্শনকালে ইউএনও শামসুজ্জামান কনক নির্মাণকাজের বর্তমান অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ডেকে দ্রুত সব ত্রুটি সংশোধন করে নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি নদীর পাড় থেকে মাটি না নিয়ে পাশের ঘের এলাকা থেকে প্রয়োজনীয় মাটি এনে সড়কের দুই পাশে ভরাট করার নির্দেশনা দেন, যাতে নদীর পাড় ক্ষতিগ্রস্ত না হয়। একই সঙ্গে সড়কের পাশে ফেলে রাখা অতিরিক্ত মাটি দ্রুত অপসারণের নির্দেশ দেন।
এ সময় ইউএনও শামসুজ্জামান কনক বলেন, “কাজের মান ভালো না হলে বিল বন্ধ করে দেওয়া হবে।” তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে বলেন, সরকারি প্রকল্পের কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য হবে না। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন নির্মাণাধীন সড়কের বিভিন্ন অংশের ইট উঠিয়ে নিচে নির্ধারিত পরিমাণ বালু ও ইট ব্যবহার করা হয়েছে কি না তা পরীক্ষা করে দেখেন। তিনি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাস্টার গাজী নজরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মো. আবির হাসান কওছার, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য মো. রাকিবুল্যাহ সোহাগ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসনের তদারকিতে সড়কের ত্রুটিগুলো দ্রুত সংশোধন হবে এবং টেকসই ও মানসম্মতভাবে নির্মাণকাজ সম্পন্ন হবে।