সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

শ্যামনগর প্রেসক্লাবে হামলা: জহুরুল হক আপপুকে জড়িয়ে ‘মিথ্যাচার’ অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ / ৭৫০ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ঢুকে সভাপতিকে মারধরের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম মনিরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজেও হামলাকারীদের উপস্থিতি দেখা গেছে।

ভুক্তভোগী সামিউল মনির অভিযোগ করেন, দৈনিক সমকাল পত্রিকায় বালু লুট সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে যুবদল নেতা আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে তার ওপর এই হামলা চালানো হয়। তিনি আরও দাবি করেন, এ ঘটনায় বিএনপি নেতা জহুরুল হক আপপুও জড়িত।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির অন্যতম নেতা জহুরুল হক আপপু। তিনি বলেন, ঘটনার সময় তিনি তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন এবং তাকে পরিকল্পিতভাবে এ ঘটনায় জড়ানো হচ্ছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণেও তার উপস্থিতি পাওয়া যায়নি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুরে যুবদল নেতাকর্মীরা প্রেসক্লাব সভাপতির ছবি সংবলিত ব্যানারে একটি মিছিল নিয়ে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখানে সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ তোলা হয়।

একপর্যায়ে মানববন্ধন চলাকালে ২৫-৩০ জন নেতাকর্মী প্রেসক্লাবের ভেতরে ঢুকে সভাপতির ওপর হামলা চালায়। এসময় উপস্থিত অন্যান্য সাংবাদিকদের সঙ্গেও ধাক্কাধাক্কি ও লাঞ্ছনার ঘটনা ঘটে। হামলাকারীরা মনিরকে মারধর করে প্রেসক্লাবের বাইরে নিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সূত্রপাত হিসেবে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি দৈনিক সমকাল পত্রিকায় “যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতক্ষ নদের বালু লুট” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এর পর থেকেই সাংবাদিক সামিউল মনিরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, যুবদল নেতা আনোয়ারুল ইসলাম আঙ্গুর দাবি করেন, মানববন্ধন চলাকালে সভাপতির সঙ্গে বাকবিতণ্ডা থেকে অনাকাঙ্ক্ষিত ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে।

এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রেসক্লাবের মতো একটি পেশাজীবী প্রতিষ্ঠানে ঢুকে হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com