সুন্দরবনে গুলিবিদ্ধ হয়ে আমিনুর রহমান নামে এক কাঁকড়া জেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৮টার দিকে সুন্দরবনের এলাবাসি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ আলী গাজীর ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, বুড়িগোয়ালিনী বন অফিস থেকে বৈধ অনুমতি নিয়ে দুই সহযোগীসহ আমিনুর রহমান সুন্দরবনে কাঁকড়া আহরণে যান। এ সময় পাটকোস্টা বন অফিসের স্টেশন অফিসার (এসও) মোবারক হোসেন তাদের কাছে আসার নির্দেশ দেন। তবে জেলেরা বনদস্যু সন্দেহে আতঙ্কিত হয়ে দ্রুত নৌকা চালিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে আমিনুর রহমান কোমরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম বলেন, “আমিনুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট বন কর্মকর্তা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তার সঙ্গীরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।” এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।
এদিকে, খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক এ জেড এম হাসানুর রহমান একজন জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বনবিভাগের গুলিতে মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান জানান, গুলিতে এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।