শ্যামনগরে ইউপি সদস্যদের মাঝে এমপি গাজী নজরুলের ঈদ উপহার
মো.রাকিবুল্যাহসোহাগ:
/ ১০২
Time View
Update :
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
Share
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন পরিষদ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় উপজেলা শহরের একটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম। এ সময় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, “সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনপ্রতিনিধিদের জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমান। তিনি পবিত্র ঈদুল আযহার তাৎপর্য তুলে ধরে বলেন, “ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে। সমাজে শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ ও মাওলানা মহসিন আলম।
বক্তারা বলেন, পবিত্র ঈদুল আযহা মানুষের মাঝে ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগিয়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যরা অংশ নেন। এ সময় স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।