সাতক্ষীরায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে প্রশিক্ষণ
শিমুল হোসেন কালিগঞ্জ
/ ৩০০
Time View
Update :
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
Share
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে নারী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সাতক্ষীরায় “জেন্ডার সংবেদনশীলতা” বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ কাঠামো শক্তিশালীকরণ (GRIP) প্রকল্পের আওতায় আজ শুক্রবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সিদরাতুল মুনতাহা ও মনিটরিং অফিসার রেজা মাহমুদ তুষারের সহযোগিতায় পুরো কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাদিরুজ্জামান, শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার এবং মোঃ আব্দুল্লাহ আল মামুন।জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা মোঃ হযরত আলী, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, সিভিল সোসাইটি সদস্য, গণমাধ্যমকর্মী, প্রতিবন্ধী প্রতিনিধি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও দলিত প্রতিনিধি এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে জেন্ডার সংবেদনশীল নির্বাচন ব্যবস্থাপনা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার নিশ্চিতকরণ, ভোটকেন্দ্রে হয়রানি ও সহিংসতা প্রতিরোধ, অভিযোগ গ্রহণ ও প্রতিকার ব্যবস্থা এবং সংশ্লিষ্ট আইন ও নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তাঁদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জেন্ডার সংবেদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ ও সম্মানজনক ভোটাধিকার নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ কর্মক্ষেত্রে অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে সহিংসতামুক্ত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন পরিবেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।