ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের তারকা পেসার ও সাতক্ষীরার সন্তান মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে বাংলাদেশের জন্য ‘চরম অপমান’ আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতে ইসলামের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই মোস্তাফিজই ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে আলোকিত করেছে। অথচ পার্শ্ববর্তী দেশ তাকে একটি ফ্রেন্ডলি ম্যাচেও অংশ নিতে দেয়নি। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি—এটি সরাসরি অবমাননা।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “এমন বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে গিয়ে আবার টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। আমাদের স্পষ্ট দাবি ছিল—খেলা যদি করতেই হয়, তাহলে তা শ্রীলঙ্কায় হোক। আমরা সেখানে যেতে প্রস্তুত ছিলাম। কিন্তু আইসিসি আমাদের সংগত দাবিকে আমলে নেয়নি। এতে আমরা দুঃখিত, আমরা লজ্জিত।”
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এখনো সময় আছে। দেশের মর্যাদা রক্ষায় আমরা অনুরোধ করছি—এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।”
জনসভায় জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০১ (তালা ও কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-০২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-০৩ (আশাশুনি ও কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-০৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভা সঞ্চালনা করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুল ইসলাম।