সাতক্ষীরার তালায় পাটকেলঘাটা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর বিরুদ্ধে ব্রেন স্ট্রোকে আক্রান্ত গুরুতর অসুস্থ এক সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা ও তাঁর পরিবারের ৬ লাখ ৩ হাজার ৯৫৮ টাকার বৈধ সঞ্চয়, বীমা ও জামানত আত্মসাতের পাঁয়তারার অভিযোগ উঠেছে। সমিতির সাধারণ সম্পাদকের অমানবিক টালবাহানা এবং এ বিষয়ে উপজেলা সমবায় অফিসের দীর্ঘসূত্রিতা ও নিষ্ক্রিয়তা নিয়ে ভুক্তভোগী পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে।অভিযোগ সূত্রে জানা গেছে, পাটকেলঘাটার কুমিরা এলাকার বাসিন্দা মো. আবু সাঈদ ২০১১ সাল থেকে পাটকেলঘাটা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এ হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি নিজ নামে, তাঁর স্ত্রী আসমা খাতুন এবং স্ত্রীর ভাই ইমরানের নামে বিভিন্ন মেয়াদি সঞ্চয় ও বীমা হিসাব খোলেন। এছাড়া চাকরিতে যোগদানের সময় তিনি সমিতির কাছে ৪০ হাজার টাকা জামানত হিসেবে জমা রাখেন।
সব মিলিয়ে বর্তমানে সমিতির কাছে তাদের পাওনা দাঁড়িয়েছে ৬ লাখ ৩ হাজার ৯৫৮ টাকা। গত প্রায় দুই বছর ধরে মো. আবু সাঈদ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তাঁর ব্যয়বহুল চিকিৎসা ও পাঁচ সদস্যের সংসার চালানো অসম্ভব হয়ে পড়ায় তারা নিজেদের জমানো টাকা উত্তোলনের জন্য বারবার সমিতি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সমিতির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন লাভলু নানা অজুহাতে টাকা দিতে অস্বীকৃতি জানান। তিনি দাবি করেন, আবু সাঈদ বিভিন্ন বই থেকে টাকা তুলে নিয়েছেন এবং তিনি সুস্থ না হওয়া পর্যন্ত হিসাব মেলানো সম্ভব নয়। কোনো ধরনের সুনির্দিষ্ট লিখিত প্রমাণ, ভাউচার বা স্বাক্ষরিত রসিদ ছাড়াই একজন গুরুতর অসুস্থ মানুষের জীবিকা ও চিকিৎসার টাকা এভাবে আটকে রাখার বিষয়টি সম্পূর্ণ বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন ভুক্তভোগীরা।ভুক্তভোগী পরিবারটি বাধ্য হয়ে গত ২৪ আগস্ট তালা উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলামের দপ্তরে সমিতির আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেন। কিন্তু অভিযোগ দাখিলের পর এক মাস গড়িয়ে গেলেও উপজেলা সমবায় অফিস থেকে কোনো দৃশ্যমান তদন্ত বা পদক্ষেপ নেওয়া হয়নি।
প্রশাসনের এমন শৈথিল্য ও নীরবতার সুযোগ নিয়ে অভিযুক্ত সমিতি যেকোনো সময় হিসাবপত্র নষ্ট বা পরিবর্তন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তদন্ত সাপেক্ষে পাটকেলঘাটা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর ক্যাশবুক, লেজার ও ব্যাংক হিসাব জরুরি ভিত্তিতে অডিট করা, আবু সাঈদের কথিত টাকা উত্তোলনের ভুয়া দাবি যাচাই এবং অবিলম্বে তাঁদের বৈধ পাওনা ৬ লাখ ৩ হাজার ৯৫৮ টাকা ফেরত দেওয়ার জোর দাবি জানিয়েছেন অসুস্থ আবু সাঈদের অসহায় পরিবার ও স্থানীয় এলাকাবাসী। একই সঙ্গে দায়িত্ব পালনে চরম অবহেলা ও দীর্ঘসূত্রিতার জন্য সংশ্লিষ্ট সমবায় কর্মকর্তার বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
এ বিষয়ে তালা উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম জানান, অভিযোগটি আমরা গুরত্বসহকারে পর্যালোচনা করছি। খুব দ্রুতই নিরপেক্ষ তদন্ত টিম গঠন করে সমবায় সমিতির ক্যাশবুক, লেজার ও আর্থিক হিসাবপত্র পুঙ্খানুপুঙ্খ অডিট করা হবে। তদন্তে সমিতির কোনো অনিয়ম কিংবা ভুক্তভোগীর পাওনা আটকানোর সত্যতা পাওয়া গেলে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অসুস্থ আবু সাঈদের পরিবারের ন্যায্য পাওনা পরিশোধ নিশ্চিত করা হবে।
তদন্ত সাপেক্ষে পাটকেলঘাটা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর যাবতীয় হিসাব জরুরি ভিত্তিতে অডিট করা, আবু সাঈদের কথিত টাকা উত্তোলনের ভুয়া দাবি যাচাই এবং অবিলম্বে তাঁদের বৈধ পাওনা ৬ লাখ ৩ হাজার ৯৫৮ টাকা ফেরত দেওয়ার জোর দাবি জানিয়েছেন অসুস্থ আবু সাঈদের অসহায় পরিবার ও স্থানীয় এলাকাবাসী। একই সঙ্গে দায়িত্ব পালনে চরম অবহেলা ও দীর্ঘসূত্রিতার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।