মেডিকেলে স্বজনকে লাঞ্ছনা: ডাঃ আসাদুজ্জামানকে ঘিরে তদন্ত শুরু
নিজস্ব প্রতিনিধিঃ
/ ৯২২
Time View
Update :
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
Share
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনকে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং গায়ে হাত তোলার উদ্দেশ্যে তেড়ে যাওয়ার মতো চরম ঔদ্ধত্যপূর্ণ ঘটনার পর অবশেষে নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার সত্যতা উন্মোচনে হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে এবং ভুক্তভোগীসহ সাক্ষীদের সশরীরে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে।সম্প্রতি হাসপাতালের সার্জারি বিভাগে সহকারী রেজিস্ট্রার ডাঃ মোঃ আসাদুজ্জামানের বিরুদ্ধে এক রোগীর স্বজনকে লাঞ্ছিত করার মারাত্মক অভিযোগ ওঠে। ভুক্তভোগী শেখ আব্দুর রহমান হাসপাতাল পরিচালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উক্ত সংবাদের প্রেক্ষিতে এবং জনমনে সৃষ্ট তীব্র ক্ষোভের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটির সভাপতি ও হাসপাতালের উপ-পরিচালক ডাঃ এস.এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠিতে (স্মারক) জানানো হয়েছে, আগামী ৩০ আগস্ট (রোববার) দুপুর ১২:০০ টায় তদন্ত কমিটির সভাপতির কক্ষে ভুক্তভোগী শেখ আব্দুর রহমান এবং তার পক্ষের সাক্ষীদের উপস্থিত থেকে বক্তব্য প্রদান করতে হবে।সচেতন মহলের স্পষ্ট বক্তব্য সরকারি সেবাকেন্দ্রে রোগীদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করা কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব। চিকিৎসকের মতো সংবেদনশীল পেশায় থেকে এমন সন্ত্রাসী কায়দায় তেড়ে যাওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের নিরপেক্ষ সাক্ষ্য গ্রহণের মাধ্যমে দ্রুততম সময়ে এই ঘটনার সুষ্ঠু বিচার সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত চিকিৎসক ডাঃ আসাদুজ্জামানের বিরুদ্ধে কোনোপ্রকার ছাড় না দিয়ে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা করছেন সর্বস্তরের নাগরিক।