শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

বিএইসি কর্মকর্তা সবুজকে কৈফিয়ত তলব

নিজস্ব প্রতিনিধিঃ / ২১০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিক্যাল ফিজিক্স (ইনমাস), সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জুলফিকার আলী সবুজের বিরুদ্ধে বারবার অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে অসদাচরণ এর অভিযোগে কৈফিয়ত তলব করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এদিকে গত ২৮ জুলাই জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সাতক্ষীরার তথ্যে বেতন তোলেন সাতক্ষীরায়, থাকেন ঢাকায়, অফিস না করেই বিএইসি’র বৈজ্ঞানিক কর্মকর্তা সবুজের মাস শেষেই পকেটেস্ত ১৫ লাখ টাকা শিরোনামে সংবাদ প্রকাশের পরই এ কৈফিয়ত তলবের নোটিশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক (প্রশাসন) ও উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত ৩ আগস্ট ২০২৬ তারিখের নোটিশে বলা হয়েছে, মোঃ জুলফিকার আলী সবুজ ২০ আগস্ট ২০২৩ তারিখে ইনমাস, সাতক্ষীরায় বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগদান করেন।

নোটিশে উল্লেখ করা হয়, ২ আগস্ট ২০২৫ থেকে ৪ আগস্ট ২০২৫ পর্যন্ত তিন দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে তিনি কর্মস্থল ত্যাগ করেন। কিন্তু ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করে ২১ আগস্ট ২০২৫ তারিখে কাজে যোগ দেন। পরবর্তীতে ৫ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত মোট ১৬ দিনের অননুমোদিত অনুপস্থিতিকে অর্জিত ছুটি হিসেবে মঞ্জুরের আবেদন করেন। স্থানীয় কর্তৃপক্ষ ওই সময়ের ছুটি মঞ্জুর করলেও ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করে। এরপরও একই ধরনের ঘটনা পুনরায় ঘটে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। ১ নভেম্বর ২০২৫ থেকে ২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত মোট ২৩ দিন কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাকে ব্যাখ্যা তলব করা হয়। তার জবাবের পরিপ্রেক্ষিতে ওই অনুপস্থিতির সময়কেও অর্জিত ছুটি হিসেবে মঞ্জুর করা হয় এবং তাকে পুনরায় সতর্ক করা হয়।কিন্তু কর্তৃপক্ষের অভিযোগ, সতর্ক করার পরও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি।

সর্বশেষ ২৩ মে ২০২৬ থেকে ১৫ জুন ২০২৬ পর্যন্ত আবারও তিনি অনুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ১৬ জুন কর্মস্থলে যোগদানের পর নিজের জ্বর এবং বাবা-মায়ের অসুস্থতার কথা উল্লেখ করে ১৭ দিনের ছুটির আবেদন করেন। তবে নোটিশে বলা হয়েছে, ওই আবেদনের সঙ্গে কোনো চিকিৎসকের প্রেসক্রিপশন সংযুক্ত ছিল না। এ বিষয়ে ইনমাস, সাতক্ষীরার ২৫ জুন ২০২৬ তারিখের ৩৯.০১.৮৭৮২.২৮৯.০০১.৩১.০০০৯.২৩/৪৭৮ নম্বর স্মারকের সূত্রে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার কথাও কৈফিয়ত তলবের নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, অননুমোদিত অনুপস্থিতির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ তাকে বারবার সতর্ক করলেও তার আচরণে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়নি। এ ধরনের কর্মকাণ্ড দাপ্তরিক শিষ্টাচারবহির্ভূত এবং অফিসের নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন চাকরি প্রবিধানমালা, ১৯৮৫-এর ৫৭(৩) প্রবিধান অনুযায়ী এসব কর্মকাণ্ড অসদাচরণ-এর শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়ায় কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে একই প্রবিধানমালার ৬০(১) প্রবিধান অনুযায়ী কৈফিয়ত তলব করা হয়েছে।

নোটিশ পাওয়ার পর আগামী ৭ কার্যদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে। একই কর্মকর্তার বিরুদ্ধে একাধিকবার দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ ওঠা এবং প্রতিবারই অনুপস্থিতির সময়কে ছুটি হিসেবে মঞ্জুর করার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। সরকারি প্রতিষ্ঠানে একজন বৈজ্ঞানিক কর্মকর্তার নিয়মিত কর্মস্থলে উপস্থিতি, দায়িত্ব পালন এবং দাপ্তরিক শৃঙ্খলা রক্ষার বিষয়টি যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে বারবার এমন অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে অননুমোদিত অনুপস্থিতির সময়কালে তিনি কীভাবে বেতন-ভাতা গ্রহণ করেছেন, ওই সময়ে সরকারি দায়িত্ব পালন না করেও কোনো আর্থিক সুবিধা নিয়েছেন কি না এবং ছুটি মঞ্জুরের প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না এসব বিষয়ও খতিয়ে দেখার দাবি উঠেছে।

তবে কৈফিয়ত তলবের নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জুলফিকার আলী সবুজের বক্তব্য জানার চেষ্টা করা হলেও একাধিকবার তার ব্যবহারিত মোবাইল নাম্বারে কল দিলে আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com