কাশিমাড়ী বিএনপি অফিস: রাজনীতি নয়, যেন দখল আর নাটকের রক্তাক্ত মঞ্চ!
নিজস্ব প্রতিনিধিঃ
/ ২৫১
Time View
Update :
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
Share
সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কার্যালয় ঘিরে চলমান দখল-সংঘাত এখন আর শুধু দলীয় কোন্দল নয় এটি রীতিমতো আইনশৃঙ্খলার চরম অবনতির এক ভয়াবহ প্রতিচ্ছবি হয়ে উঠেছে। প্রথম পর্বে উঠে আসা তথ্যের পর নতুন করে যা প্রকাশ পাচ্ছে, তা আরও উদ্বেগজনক, আরও অশনি সংকেতময়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যালয়টি দখলকে কেন্দ্র করে একটি সুসংগঠিত চক্র দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে সহিংসতা, ভয়ভীতি এবং আইনি হয়রানির কৌশল প্রয়োগ করে আসছে। প্রকাশ্যে সশস্ত্র হামলা চালিয়ে নেতাকর্মীদের রক্তাক্ত করার পরও থেমে থাকেনি তারা। বরং এখন মিথ্যা মামলা ও প্রভাব খাটিয়ে জায়গাটি পুরোপুরি কব্জায় নেওয়ার অপচেষ্টা চলছে।
১৩ রমজানের সেই নৃশংস হামলার ঘটনায় গুরুতর আহতদের অনেকেই এখনো শারীরিক ও মানসিক ট্রমা কাটিয়ে উঠতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা স্পষ্টভাবে হামলাকারীদের শনাক্ত করলেও, তাদের বিরুদ্ধে কার্যকর কোনো দৃশ্যমান আইনি পদক্ষেপ না থাকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, আইন কি শুধুই নিরীহদের জন্য এরই মধ্যে ২০২৬ সালের ১৫ এপ্রিল দায়ের করা নতুন মামলাটি ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, এটি একটি সাজানো মামলা, যার মাধ্যমে প্রকৃত ভুক্তভোগীদেরই আসামি বানিয়ে মূল ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এমন কর্মকাণ্ড শুধু বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে না, বরং অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়কে প্রকাশ্যে দোকানঘর বানানোর পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদি তা সত্যি হয়, তবে এটি কেবল দলীয় সম্পত্তি দখল নয়, বরং রাজনৈতিক সংস্কৃতির ওপর সরাসরি আঘাত এবং গণতান্ত্রিক চর্চার জন্য মারাত্মক হুমকি।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে দলীয় কাঠামো ধ্বংস এবং নেতৃত্বকে কোণঠাসা করার অপচেষ্টা। তারা দ্রুত উচ্চ পর্যায়ের প্রশাসনিক হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
প্রশ্ন উঠছে একটির পর একটি সহিংসতা, রক্তপাত, মামলা সবকিছুর পরও প্রশাসনের দৃশ্যমান ভূমিকা কোথায়? কেন এখনো পর্যন্ত মূল অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়নি? নাকি প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে যাচ্ছে এই দখলবাজ চক্র?
এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দলীয় কার্যালয়টি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এখনই সময়। অন্যথায় কাশিমাড়ীর এই ঘটনা ভবিষ্যতে আরও বড় সংঘাতের জন্ম দিতে পারে যার দায় এড়াতে পারবে না কেউই।