পাটকেলঘাটায় সাংবাদিকদের ওপর নৃশংস হামলা; উল্টো চাঁদাবাজির মামলা
নিজস্ব প্রতিনিধিঃ
/ ২১৪
Time View
Update :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
Share
পাটকেলঘাটা এলাকায় মব সৃষ্টি করে দুই সাংবাদিককে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ২১ ফেব্রুয়ারি শনিবার দুপুর প্রায় ২টার দিকে টাওয়ার রোড এলাকায়। যখন সংবাদ সংগ্রহে যান দৈনিক সোনালী কণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মাসুদ হাসান মনি এবং দৈনিক সাতক্ষীরার সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল ইসলাম।
স্থানীয় দোকানদারদের অভিযোগ ছিল, ভিপি সম্পত্তির ১/১ ক খতিয়ানের ১ শতক জমির ওপর সরকারি নির্দেশনা অমান্য করে নতুন দোকান নির্মাণ করা হচ্ছে। এ সংক্রান্ত তথ্য যাচাই করতে ঘটনাস্থলে গেলে জমির ক্রেতা নিরঞ্জন দাস সাংবাদিকদের কাগজপত্র দেখানোর কথা বলে পাশের “রাখি বস্ত্রালয়” নামের দোকানে ডেকে নেন।
সাংবাদিকদের অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই নিরঞ্জন দাস ফোন করে আশপাশের লোকজন জড়ো করেন এবং পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়।
এ সময় স্থানীয় সারের ডিলার জামাল উদ্দিনসহ নিরঞ্জন, উজ্জ্বল এবং আরও কয়েকজন প্রথমে গায়ে হাত তোলেন, পরে মারধর করে দুই সাংবাদিককে রক্তাক্ত করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠলে দায় এড়াতে উল্টো তাদের বিরুদ্ধেই চাঁদাবাজির মামলা দায়ের করা হয় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার জেরে একই মামলায় আরও দুই সাংবাদিক আলমগীর হোসেন (দৈনিক প্রতিদিনের কথা) গোলাম রব্বানী (দৈনিক সংবাদ সংযোগ, তালা প্রতিনিধি) এর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঘটনা সম্পর্কে জানতে সরুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী তারক মন্ডলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবির জানান, ঘটনাস্থলে দুই সাংবাদিককে আহত অবস্থায় পাওয়া গেলেও বাদীর অভিযোগের ভিত্তিতে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ৬/১৮)।