সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা আল ইউসুফ তার অসাধারণ মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কোনো প্রকার কোচিং ছাড়াই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ২৯৯তম স্থান অর্জন করেছে সে। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৮২তম স্থান অর্জন করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে।
আল ইউসুফ মিস্ত্রিপাড়া গ্রামের আবদুল কাদের মিস্ত্রির ছেলে। সীমিত সুযোগ-সুবিধা ও নানা প্রতিকূলতার মাঝেও কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং নিয়মিত অধ্যয়নের মাধ্যমে সে এই সাফল্য অর্জন করেছে। উল্লেখ্য, এর আগেও সে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল।
তার এই সাফল্য শুধু পরিবারের নয়, পুরো শ্যামনগর উপজেলাবাসীর জন্য গর্বের বিষয়। কোচিংনির্ভরতার বাইরে থেকেও যে মেধা, নিষ্ঠা ও সঠিক দিকনির্দেশনায় বড় সাফল্য অর্জন সম্ভব—আল ইউসুফ তার জীবন্ত প্রমাণ। শিক্ষাঙ্গনে তার এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।