সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের নগরঘাটা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী’র পরিবারের পক্ষ থেকে পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
আহতরা হলেন, ধানদিয়া ইউনিয়নের নগরঘাটা গাবতলা মোঃ আফসার সরদার ছেলে আলমগীর হোসেন(৩৫), একই এলাকার ওমর সরদার ছেলে মোঃ মোকছেদ সরদার(৬০)।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, একই এলাকার মৃত জনাব আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম, কবিরুল ইসলাম সরদার, এরশাদ সরদার, খোরশেদ সরদার, আলাউদ্দীন সরদার।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় মনিরুল ইসলাম সরদার গংয়ের সঙ্গে আলমগীর ও মোকছেদ সরদারের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। এঘটনায় ভুক্তভোগী মোকছেদ সরদার আদালতে মামলা করেন, যে মামলাটি চলমান রয়েছে। বুধবার সকালে অভিযুক্তরা দলবদ্ধভাবে আপত্তি জমিতে আদালতের আদেশ অমান্য করে জোর দখল করার চেষ্টা করেন। এসময় মোকছেদ, আলমগীরসহ অন্যান্যরা বাঁধা প্রদান করলে তাদের দলবদ্ধ হয়ে বেধঢ়ক মারপিট করেন। ঘটনাস্থলে আলমগীরের ডান হাত ভেঙ্গে যায় এবং মোকছেদ সরদারের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। আহত দুইজন বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগে আরও বলা হয়, এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রায় ১ লাখ টাকার মতো অর্থনৈতিক ক্ষতি হয়েছে। অভিযুক্তরা বারবার হুমকি দিয়ে বলছেন—এই জমিতে থাকতে হলে তাদের নামে রেজিস্ট্রি করতে হবে, না হলে জমি দখলে রাখা যাবে না।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, ফারুক মল্লিক বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।