সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা আরও জোরদার করতে “গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভাটি আয়োজন করে শ্যামনগর উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা সভাটি সঞ্চালনা করেন। সভায় উপজেলার ১১টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম আদালতের মাধ্যমে ক্ষুদ্র ফৌজদারী ও দেওয়ানী মামলা নিষ্পত্তির মাধ্যমে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব হচ্ছে, যা প্রান্তিক জনগণের ন্যায়বিচার পাওয়ার পথ সহজ করছে।”
তিনি আরও বলেন,“প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের আইনি বিধান অনুযায়ী মামলা গ্রহণ, শুনানি, নিষ্পত্তি ও নথি সংরক্ষণে আরও যত্নবান হতে হবে। সুষ্ঠুভাবে গ্রাম আদালত পরিচালনা করতে পারলে জনসাধারণের আস্থা বৃদ্ধি পাবে।”সভায় উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা শ্যামনগর উপজেলার ইউনিয়নভিত্তিক গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। তিনি কার্যক্রম বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগ কামনা করেন। সভায় উপস্থিত ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভাটির মূল লক্ষ্য ছিল— গ্রাম আদালতের মাধ্যমে প্রান্তিক জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা, স্থানীয় বিরোধ মীমাংসার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠন ও গ্রামীণ বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করা।