দুর্যোগকালীন সময়ে ঝুঁকি হ্রাস ও দ্রুত পুনরুদ্ধার কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে দুই দিনব্যাপী “ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।
কাদাকাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রায় ২৫ জন নারী ও পুরুষ সিপিপি সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় ১২ ও ১৩ অক্টোবর ২০২৫ তারিখে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার ও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি নূর মোহাম্মদ, সহকারী পরিচালক, সিপিপি আশাশুনি এবং মেছপাউর রশিদ, উপপরিচালক, সিপিপি বরগুনা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আবু সাইম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা।মোঃ আহাদুল্লাহ সানা, সাংবাদিক ইয়াছিন আরাফাত পিন্টু আব্দুল জলিল, টিম লিডার সিপিপি আশাশুনি, এবং মোঃ রফিজ্জামান মুন্না, সিপিপি শ্যামনগর। কাটাকাটি ইউনিয়ন সচিব ও মেম্বার আয়োজনটি জেন্ডার রেসপন্সিভ কোস্টাল অ্যাডাপ্টেশন (জিসিএ) প্রকল্প, ইউএনডিপি-এর অর্থায়নে এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), আশাশুনি, সাতক্ষীরা-এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে দুর্যোগ পূর্ব প্রস্তুতি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ত্রাণ বিতরণ, পুনর্বাসন কার্যক্রম, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারীর অংশগ্রহণ, নিরাপদ আশ্রয় ব্যবস্থাপনা ও তথ্য আদান-প্রদানে প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কেবল সরকারি দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমেই সফল হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।