সাতক্ষীরা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ – জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বাড়াতে সাতক্ষীরা জেলা যুব ফোরামের উদ্যোগে আজ (১৪ সেপ্টেম্বর) কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়। ‘প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ বিতরণ’ শীর্ষক এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্লাস্টিকের পাত্র জমা দিয়ে গাছের চারা গ্রহণ করে।
সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। বৃক্ষ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং জলবায়ু সংরক্ষণে নিজেদের ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একলাছুর রহমান, যুব ফোরামের খুলনা বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক ইবনুল নাসিফ, সাতক্ষীরা জেলা যুব ফোরামের সভাপতি মো. রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান, যুগ্ম সম্পাদক মো. রাসেল আহমেদ, প্রচার সম্পাদক মো. সাকিনুর রহমান মুন্নাসহ অন্যান্য সদস্যরা।
সমাজসেবা সাহায্য ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। এই ধরনের উদ্যোগ পরিবেশ সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।