বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া উত্তোলন, অথচ বসবাস অফিস কক্ষে!

নিজস্ব প্রতিনিধিঃ / ২৮৮ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতি মাসে ২০ হাজার ২৫৪ টাকা বাড়ি ভাড়া উত্তোলন করেও বছরের পর বছর সরকারি অফিস কক্ষকে ব্যক্তিগত আবাসস্থল হিসেবে ব্যবহার করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি শুধু নিজেই সেখানে বসবাস করেন না, মাঝে মধ্যে তার স্ত্রীও এসে একই অফিস কক্ষে রাত্রিযাপন করেন। এতে সরকারি দপ্তরের শৃঙ্খলা, নীতিমালা ও প্রশাসনিক আচরণবিধি নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, ২০২৫ সালের ৩ জুন কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যোগদানের পর থেকেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার নির্ধারিত অফিস কক্ষকে কার্যত একটি আবাসিক ফ্ল্যাটে পরিণত করেন। চারতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ওই অফিস কক্ষে প্রবেশ করলেই চোখে পড়ে বিছানাপত্র ও ব্যক্তিগত ব্যবহারের বিভিন্ন সামগ্রী। একই কক্ষে তিনি দাপ্তরিক কাজও পরিচালনা করছেন।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানান, যোগদানের পর থেকেই তিনি অফিস কক্ষেই নিয়মিত বসবাস করছেন। মাঝে মধ্যে তার স্ত্রীও গ্রামের বাড়ি থেকে এসে ওই কক্ষেই অবস্থান করেন। তবে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে সাহস পান না বলে অভিযোগ করেন তারা।

অভিযোগের আরও গুরুতর দিক হলো, অফিস কক্ষে বসবাস করলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতি মাসে ২০ হাজার ২৫৪ টাকা বাড়ি ভাড়া উত্তোলন করে আসছেন। সরকারি সুবিধা গ্রহণের পাশাপাশি সরকারি অফিসকে ব্যক্তিগত আবাসনে পরিণত করায় স্থানীয়দের মধ্যেও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হুমায়ুন কবির বিষয়টি স্বীকার করে বলেন, তিনি ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা হিসেবে মূল বেতনের ৩৫ শতাংশ হারে বাড়ি ভাড়া পাচ্ছেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন যে, অফিস কক্ষে বসবাস সরকারি বিধি অনুযায়ী অনিয়ম। তবে তার দাবি, প্রতিষ্ঠানে নাইটগার্ড না থাকায় ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে তিনি রাতে সেখানে অবস্থান করেন।

তবে সংশ্লিষ্টদের প্রশ্ন, যদি নিরাপত্তার কারণেই রাতে অবস্থান করতে হয়, তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়মিত বাড়ি ভাড়া উত্তোলনের যৌক্তিকতা কোথায়? সরকারি অফিসকে ব্যক্তিগত আবাসিক কক্ষে রূপান্তর এবং একই সঙ্গে বাড়ি ভাড়ার সরকারি সুবিধা গ্রহণ দুটি বিষয়ই প্রশাসনিক ও আর্থিক অনিয়মের শামিল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com