সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে সরকারের ভিজিএফ কর্মসূচির চাল আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত এই খাদ্য সহায়তা নিজ অফিসে লুকিয়ে রাখার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা বিতরণ করা হয়নি। বরং প্রায় ৭ বস্তা চাল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার চেউটিয়াস্থ নিজস্ব অফিসে গোপনে মজুদ করে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে স্থানীয় জনগণ বিষয়টি টের পেয়ে চেয়ারম্যানের অফিসে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে।
খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বোরহান উদ্দিন বুলু ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, “গরিবের প্রাপ্য এই চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছে, যা চরম অনৈতিক ও নিন্দনীয়।”
তবে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু অভিযোগ অস্বীকার করে বলেন, “বিতরণ প্রক্রিয়ায় কিছু জটিলতা থাকায় ২১ জনের জন্য বরাদ্দ ৭ বস্তা চাল সাময়িকভাবে সংরক্ষণ করা হয়েছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত আছেন।”
অন্যদিকে, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু এ বিষয়ে অবগত থাকার কথা অস্বীকার করে জানান, “এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই।”
ঘটনাটি স্থানীয় প্রশাসনের নজরে এলেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে গরিবের অধিকার নিয়ে এমন অনিয়মের বিরুদ্ধে আদৌ কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কি না।