সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে অধ্যক্ষ হুমায়ূন আহম্মেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং একাধিক শিক্ষক বদলির অভিযোগকে কেন্দ্র করে বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণ এবং সম্প্রতি বদলি হওয়া শিক্ষকদের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান। তাদের অভিযোগ, ব্যক্তিগত প্রতিহিংসার কারণে দক্ষ ও জনপ্রিয় শিক্ষকদের একের পর এক বদলি করা হচ্ছে, যার ফলে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জানা যায়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক আদেশে ইন্সট্রাক্টর (বাংলা) মো. জিয়াউর রহমানকে সুনামগঞ্জে বদলি করা হয়েছে। এর আগে ইন্সট্রাক্টর (ইংরেজি) প্রীতি সুন্দর বিশ্বাসকেও অন্যত্র বদলি করা হয়।আন্দোলনরত শিক্ষার্থী মোখলেছুর রহমান, ফয়সাল হোসেন, সামি, মিমসহ অন্যরা বলেন, শিক্ষক বদলির আদেশ প্রত্যাহার এবং অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অধ্যক্ষ হুমায়ূন আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জানা গেছে, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন।এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শিমুল হোসেন বলেন, শিক্ষক বদলির বিষয়টি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত। এ বিষয়ে প্রতিষ্ঠানের কোনো ভূমিকা নেই।স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকদের দাবি, প্রতিষ্ঠানে উদ্ভূত পরিস্থিতির দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষা কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।