আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিন সহ ট্রাক জব্দ
আশাশুনি প্রতিনিধি:
/ ২১৪
Time View
Update :
শনিবার, ২০ জুন, ২০২৬
Share
সাতক্ষীরার আশাশুনিতে ভেজাল ও জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানে নকল দুধ তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রায় এক হাজার কেজি জেলি (মেডিসিন) বোঝাই একটি ট্রাক জব্দ করা হলেও অভিযানের আভাস পেয়ে পালিয়ে যায় চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা।
শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন থানার এসআই তারিকুর রহমান শুভ। সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের পশ্চিম ঘোষপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ন ১৩-২৯৪৫ নম্বরের একটি ট্রাক থেকে প্রায় এক হাজার কেজি জেলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত জেলি নকল দুধ ও বিভিন্ন ভেজাল খাদ্যপণ্য তৈরির কাজে ব্যবহৃত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র এলাকায় ভেজাল খাদ্যপণ্য তৈরির সঙ্গে জড়িত থেকে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ভয়ংকর ছিনিমিনি খেলছে। প্রশাসনের ধারাবাহিক নজরদারি ও কঠোর অভিযান ছাড়া এ ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার কেজি জেলিসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে উদ্ধারকৃত মালামাল নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।