সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রোকোনুজ্জামানের বিরুদ্ধে একটি সংখ্যালঘু পরিবারকে নির্যাতন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে জেলা কৃষক দল।
বৃহস্পতিবার (১৮ জুন) সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সালাউদ্দীন লিটন এবং সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম রবি স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, গত কিছুদিন ধরে বিভিন্ন গণমাধ্যম ও পত্রিকায় রোকোনুজ্জামানের বিরুদ্ধে একটি সংখ্যালঘু পরিবারকে নির্যাতনের অভিযোগ প্রকাশিত হয়েছে। এসব অভিযোগ দলের গঠনতন্ত্র ও আদর্শের পরিপন্থী বলে মনে করছে জেলা কৃষক দল। পাশাপাশি এসব ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
জেলা কৃষক দলের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে পত্র প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজনৈতিক অঙ্গনে এ নোটিশকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে জেলা কৃষক দলের এমন অবস্থান স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এখন সবার নজর রোকোনুজ্জামানের জবাব এবং জেলা কৃষক দলের পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্তের দিকে।
উল্লেখ্য, সম্প্রতি কালিগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের জমি ও সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে রোকোনুজ্জামানের নাম উঠে আসে। তবে এ বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।