সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খাসবাগান বিলে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে বাগদা চিংড়ি, কাঁকড়া, কুচে ও বিভিন্ন প্রজাতির সাদা মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘের মালিকের প্রায় ১ লাখ ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী মোঃ ওসমান গাজী (৩৫), পিতা-মোঃ হোসেন গাজী, গ্রাম-খাসবাগান, ইউনিয়ন-দরগাহপুর, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা। তিনি আশাশুনি থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে উল্লেখ করেন, আশাশুনি থানাধীন শ্রীধরপুর মৌজায় খাসবাগান বিলে তার ডিডকৃত ৩ বিঘা জমির ওপর একটি মৎস্য ঘের রয়েছে। গত ২০ মে ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টার দিকে তিনি ঘেরটি স্বাভাবিক অবস্থায় দেখে বাড়িতে ফিরে যান।
পরদিন ২১ মে দুপুর আনুমানিক ২টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে তিনি খবর পান যে, তার ঘেরের বাগদা চিংড়ি, কাঁকড়া, কুচে ও অন্যান্য মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, ঘেরজুড়ে মাছ মরে ছড়িয়ে রয়েছে। এ সময় তিনি পানিতে তীব্র বিষের গন্ধ অনুভব করেন এবং ঘেরের ভেতর থেকে একটি বিষের বোতল উদ্ধার করেন।
ভুক্তভোগীর অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গভীর রাতে তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে এ ভয়াবহ ক্ষতি সাধন করেছে। এতে তার প্রায় ১ লাখ ১০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বিষয়টি ইতোমধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ শুধু একজন খামারির ক্ষতিই নয়, এটি স্থানীয় মৎস্যসম্পদ ও পরিবেশের ওপরও মারাত্মক আঘাত। জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
Leave a Reply