সাতক্ষীরার আশাশুনি উপজেলার পাইথালি মৌজায় জমি বিক্রিকে কেন্দ্র করে অর্থ পাচারের গুরুতর অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বিপুল অঙ্কের টাকা লেনদেনের আড়ালে অবৈধভাবে অর্থ বিদেশে পাচার করা হয়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পাইথালি মৌজার বাসিন্দা মৃত দেবি দাশ দেবনাথের ছেলে রামকৃষ্ণ দেবনাথ পৈতৃক সম্পত্তির অংশ হিসেবে মোট ৫৫ শতাংশ জমি পর্যায়ক্রমে বিক্রি করেন। ২০২০ সালে তিনি বুধহাটার ব্যবসায়ী গোলাম মোস্তফার কাছে ১০ শতাংশ এবং সাবেক ইউপি চেয়ারম্যান হাশেমের কাছে ২৪ শতাংশ জমি বিক্রি করেন। পরবর্তীতে চলতি বছরের ১৮ জানুয়ারি একই মৌজায় অবস্থিত বসতভিটার অবশিষ্ট ২১ শতাংশ জমি মৃত মনোরঞ্জন দেবনাথের ছেলে কুমারেশের নিকট বিক্রি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ৫৫ শতাংশ জমি বিক্রির মাধ্যমে মোট প্রায় ৯০ লক্ষ টাকার লেনদেন হয়েছে। তবে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, এই অর্থের মধ্যে অন্তত ৮০ লক্ষ টাকা অবৈধভাবে ভারতে পাচার করা হয়েছে বলে এলাকাবাসীর দাবি।
স্থানীয় সচেতন মহলের ভাষ্য, যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে এটি দেশের প্রচলিত আইন অনুযায়ী একটি গুরুতর অপরাধ। তারা দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে আরও জানা গেছে, অভিযুক্ত রামকৃষ্ণ দেবনাথ যেকোনো সময় স্বপরিবারে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যেতে পারেন। এমন আশঙ্কাও প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এ বিষয়ে অভিযুক্ত রামকৃষ্ণ দেবনাথের সঙ্গে কথা হলে তিনি সংবাদ টি প্রকাশ না করতে অনুরোধ করেন। এবং বিষয় টা ধামাচাপা দেওয়ার জন্য অফিসে এসে চা খাওয়ার দাওয়াত নেন।