সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে নিজ ঘরে টানা দুই দিন অবস্থানের পর আছিয়া খাতুন (৪০) নামে এক নারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয়দের সন্দেহের পর ৯৯৯ নম্বরে খবর দিলে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তাকে উদ্ধার করা হয়।
আছিয়া খাতুন কালিকাপুর গ্রামের আজি রহমানের মেয়ে। তিনি একটি ফাঁকা বাড়িতে একাই বসবাস করেন। গত দুই দিন ধরে তাকে বাড়ির বাইরে দেখা না যাওয়ায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি ৯৯৯ নম্বরে জানানো হলে কালিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
এ সময় বাড়ির বাউন্ডারির গেট ও ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আছিয়া খাতুনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, আছিয়া খাতুনের স্বামী রুহুল আমিনের সঙ্গে অনেক আগে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাদের ছেলে আসাদুল (২০) ঢাকায় থাকেন। তার বাবা আজি রহমান অন্য একটি বাড়িতে বসবাস করেন। আছিয়ার মা ছখিনা বেগম মারা গেছেন।
স্থানীয়রা জানান, আছিয়া খাতুন গত দুই দিন ধরে বাড়ির বাইরে না আসায় বিষয়টি তাদের নজরে আসে। পরে ৯৯৯ নম্বরে খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
কালিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আছিয়া খাতুন কী কারণে দুই দিন ঘরের মধ্যে এমন অবস্থায় ছিলেন, তা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে কোনো অপরাধ বা কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।