আটুলিয়ায় জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধিঃ
/ ৮৬
Time View
Update :
বুধবার, ১৩ মে, ২০২৬
Share
দীর্ঘ আট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদল-এর নতুন কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যায় আটুলিয়া ইউনিয়ন ছাত্রদল-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নওয়াবেঁকী বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আটুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম সুজন। সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বেলাল হোসেন, আটুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু সালেহ সোহাগ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ ইয়াছিনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও মোঃ আসাদ, মোঃ খায়রুল ও মোঃ মোস্তাফিজসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে নবগঠিত জেলা কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে এবং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্রদলকে একটি সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে নতুন জেলা কমিটির সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।