প্রতিবন্ধী জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ও বিষ্ণুপুর ইউনিয়নে অসহায় পরিবারগুলোর মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিবন্ধী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি করে জীবনযাত্রায় সহযোগিতা” শীর্ষক প্রকল্পের আওতায় বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় কৃষ্ণনগর সেন্টারে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুশীলনের ইসি কমিটির সভাপতি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যাপক (অব.) আ. জে. এম. গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু এবং কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুশীলনের নির্বাহী কমিটির সদস্য ইলাদেবী মল্লিক, শিক্ষিকা কণিকা রানি সরকার, সাংবাদিক আব্দুল করিম মামুন হাসান, শিমুল হোসেন, ফজলুল হক, আলমগীর হোসেন, তাপস ঘোষ এবং সুশীলনের এডমিন সহকারী মাছুম বিল্লাহ প্রমূখ।
এ সময় অসহায় ও প্রতিবন্ধী ২০টি পরিবারের মাঝে হুইলচেয়ার, ১৬টি ছাগল এবং ৭ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সুশীলনের বিভিন্ন পর্যায়ের মাঠকর্মী, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।