খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, দণ্ডবিধি ১৮৬০, বিএসটিআই আইন ২০১৮, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় এসব অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে বিমল সরকারকে দণ্ডবিধির ২৯১ ধারায় ৭ হাজার টাকা; ফারদিন মিষ্টির স্বত্বাধিকারী কে এম অহিদুল ইসলামকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের ২৪ ও ৪১ ধারায় ২ হাজার টাকা; সাতক্ষীরা ঘোষের স্বত্বাধিকারী মোহাম্মদ ইয়াসিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ৩০ হাজার টাকা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড; নিউ তৃষা মিষ্টি ভান্ডারের স্বত্বাধিকারী গোবিন্দ মন্ডলকে বিএসটিআই আইনের ৩১ ধারায় ২৫ হাজার টাকা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া হাজি বিরিয়ানির স্বত্বাধিকারী মেহেদি শিকদারকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের ৪১ ধারায় ৩ হাজার টাকা, মিষ্টি মুখের স্বত্বাধিকারী লক্ষ্মী রানী পালকে একই আইনের ৪১ ধারায় ১ হাজার টাকা এবং তৃষা মিষ্টি ও তৃষা মিষ্টান্নের স্বত্বাধিকারীকে বিএসটিআই আইনের ৩০ ধারায় পৃথকভাবে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস বলেন, জনস্বার্থ রক্ষা ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ওজনে কারচুপি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে ডুমুরিয়ার বিভিন্ন বাজারে এ তদারকি অব্যাহত থাকবে।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিএসটিআই প্রতিনিধি এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।