বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Headline :
আটুলিয়ায় জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা গাবুরায় বেড়িবাঁধ নির্মাণে দৃশ্যমান অগ্রগতি আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীর এক সপ্তাহ ব্যবসা বন্ধ দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি রায়হান – সম্পাদক অর্ঘ্য সাতক্ষীরায় লিচুর নামে ক্রেতা ঠকানোর অভিযোগ ডুমুরিয়ায় গরুর মাংস, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম চড়া, বাজার তদারকিতে ইউএনও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

নলতায় সরকারি টাকায় ব্যক্তিগত জমিতে ঢালাই কান্ড; নিজেকে বাঁচাতে চেয়ারম্যান আজিজুরের নাটকীয় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ / ৪২৫ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে উন্নয়নের নামে ক্ষমতার অপব্যবহার, ব্যক্তিগত জমি দখল ও প্রতিবাদকারীদের উপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সরকারি অর্থে রাস্তার সিসি ঢালাই করতে গিয়ে এক ইউপি সদস্যের রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশ করা হয়। বাধা দিতে গেলে চেয়ারম্যানের নেতৃত্বে সংঘবদ্ধ হামলায় আহত হন ইউপি সদস্য আহম্মদ আলী গাজী ও তার দুই ছেলে। পরে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চেয়ারম্যানের পক্ষ থেকে আয়োজন করা হয় নাটকীয় মানববন্ধনের।

এ ঘটনায় নলতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আহম্মদ আলী গাজী বাদী হয়ে চেয়ারম্যান আজিজুর রহমানসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, নলতা কালিবাড়ী এলাকায় নিজস্ব ক্রয়কৃত ৪ শতক জমির উপর দুইতলা মার্কেট নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন আহম্মদ আলী গাজী। মার্কেটের সামনে থাকা তার নিজস্ব তিন ফুট জায়গা দখল করে সরকারি বরাদ্দের রাস্তার ঢালাই কাজ শুরু করেন চেয়ারম্যান আজিজুর রহমান ও তার সহযোগীরা।

ভুক্তভোগী ইউপি সদস্য দাবি করেন, বিষয়টি নিয়ে তিনি গত ২৭ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশও দেওয়া হয়। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সরেজমিন তদন্ত করেন এবং ইউএনও মোবাইল ফোনে চেয়ারম্যানকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেই ৪ ও ৫ মে জোরপূর্বক ঢালাই কাজ চালানো হয়।

আহম্মদ আলী গাজীর ভাষ্য, “আমরা জায়গা দখলের প্রতিবাদ করলে চেয়ারম্যান নিজেই আমার ছেলে আকরমের উপর হামলা চালায়। পরে চেয়ারম্যানের লোকজন আমাদের দোকানের ভেতরে ঢুকিয়ে শাটার বন্ধ করে বেদম মারপিট করে।” আহত আকরম হোসেন বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার কানে ৮টি সেলাই দিতে হয়েছে বলে পরিবার জানিয়েছে।

ঘটনার পর চেয়ারম্যান আজিজুর রহমানের একটি বক্তব্য এলাকায় আরও ক্ষোভের জন্ম দিয়েছে। তিনি বলেন, “জনগণের রাস্তা আটকানোর কারণে জনগণ তাদের গণধোলাই দিয়েছে।” একজন জনপ্রতিনিধির মুখে এমন বক্তব্যকে “গণতন্ত্র ও আইনের শাসনের জন্য হুমকি” বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয়দের প্রশ্ন কোন আইনে একজন জনপ্রতিনিধি বিচারবহির্ভূত হামলাকে ‘গণধোলাই’ বলে বৈধতা দেন? সরকারি প্রকল্পের নামে যদি ব্যক্তিগত সম্পত্তি দখল হয়, তবে সাধারণ মানুষ কোথায় যাবে?

এদিকে ঘটনার সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হওয়ার পর নিজেকে রক্ষায় চেয়ারম্যান আজিজুর রহমান মঙ্গলবার (১৩ মে) এক মানববন্ধনের আয়োজন করেন বলে অভিযোগ উঠেছে। সেখানে ইউনিয়ন পরিষদের অনুমোদিত রাস্তা নির্মাণে বাধা, চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্র এবং উন্নয়ন কাজে প্রতিবন্ধকতার অভিযোগ তুলে বক্তব্য দেওয়া হয়।

মানববন্ধনে ইউপি সচিব, প্যানেল চেয়ারম্যান ও কয়েকজন সদস্য অংশ নিয়ে আহম্মদ আলী গাজীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তবে স্থানীয়দের একাংশের দাবি, হামলা ও জমি দখলের মূল অভিযোগ থেকে জনগণের দৃষ্টি সরাতেই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

তাদের প্রশ্ন যদি রাস্তা নির্মাণ বৈধই হয়ে থাকে, তাহলে উপজেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করা হলো কেন? আর যদি জনপ্রিয়তাই এত বেশি হয়, তাহলে সমালোচনার জবাব কি হামলা ও ‘গণধোলাই’?

কালীগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ঘটনায় উপজেলা প্রশাসনের নিরবতা ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে উন্নয়নের নামে এমন দখল ও সহিংসতা আরও বেড়ে যেতে পারে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com