মসজিদের পুকুরঘাটে বৃদ্ধের ওপর হামলার অভিযোগ; থানায় লিখিত অভিযোগ
নিজস্ব প্রতিনিধিঃ
/ ৪২১
Time View
Update :
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
Share
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামে মসজিদের পুকুরঘাটে নামাজে যাওয়ার পথে এক বৃদ্ধের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যক্তির ভাই কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাঘুরালী গ্রামের বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম (৪৮) তার গ্রামেরই মোঃ নূর হোসেন বাবু দফাদার (৪২) ও মোঃ শওকাত হোসেন (৬০) এর বিরুদ্ধে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে এবং এর জেরে অভিযুক্তরা প্রায় সময় গালিগালাজ ও খুন-জখমের হুমকি দিয়ে আসছিল।
অভিযোগকারী জানান, এর আগে একই ব্যক্তিদের বিরুদ্ধে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালত নং–০২ এ সিআর মামলা নং ৬৮/২৬ (কালিঃ) দায়ের করা হয়, যা বর্তমানে পিবিআই তদন্তাধীন রয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(গ) ধারায় পি-৮১/২৬ মামলা করা হলে অভিযুক্তরা গত ৫ মার্চ আদালতে হাজির হয়ে মুচলেকা প্রদান করেন।
তবে অভিযোগ রয়েছে, আদালতে মুচলেকা দেওয়ার কয়েক ঘণ্টা পরই একই দিন বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, শফিকুল ইসলামের সহোদর বৃদ্ধ ভাই মোঃ রফিকুল ইসলাম (৭০) আছরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে মাঘুরালী মসজিদের পুকুরঘাটে পৌঁছালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
এ সময় বৃদ্ধ ব্যক্তি গালিগালাজে বাধা দিলে অভিযুক্ত নূর হোসেন বাবু দফাদার ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়।
বৃদ্ধের চিৎকার শুনে মসজিদের মুসল্লী ও স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে যাওয়ার সময় অভিযুক্তরা প্রকাশ্যে আবারও মারধর, মিথ্যা মামলা ও খুন-জখমের হুমকি দিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত রফিকুল ইসলামকে মোটরভ্যানে করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ভাই।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।