সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে ইউএনও মহোদয়ের দোহাই দিয়ে ভ্যান চালকের পঞ্চাশ বছরের দখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের আদেশ উপেক্ষা করে ঘটানো হয়েছে শ্লীলতাহানী ও মারপিটের ঘটনা। এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অসহায় ভ্যান চালক আমিনুর রহমান।
সরেজমিন ও থানা সূত্রে জানাগেছে, উপজেলার কালিকাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের উপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ আমিনুর রহমান (৪৫), পিতা- মোঃ রেজাউল করিম শেখ, থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন,তার দীর্ঘ ৪৫ বছরের খরিদকৃত সম্পত্তিতে বসতবাড়ি রয়েছে এবং সেখানে তিনি পরিবারসহ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু একই এলাকার ৯জন ব্যাক্তি শেখ আলমগীর হোসেন, শেখ মুনমুন, শেখ নুরুজ্জামান, শেখ শাহাবাজ আলী, শেখ আবু মুছা, শেখ শহিদ, শেখ নুর হোসেন, শেখ হাসান ও শেখ মুজাহিদ হোসেন উক্ত জমি জবরদখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
জমিজমা নিয়ে বিরোধের জেরে মোঃ আমিনুর রহমান বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা (পিঃ মামলা নং-১১৮৩/২৫, তারিখ ০৭/০৭/২০২৫) দায়ের করেন। আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে শান্তি বজায় রাখার নির্দেশ দেয়। অভিযোগে আরও বলা হয়, আদালতের নির্দেশ অমান্য করে গত ১১জুলাই সকাল ৯ টার দিকে বিবাদীরা বেআইনি দলবদ্ধ হয়ে তার বসতবাড়ির সীমানা ঘেরা বেঁড়া ভাঙচুর করে এবং বাঁধা দিলে বাঁশের লাঠি দিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা খুনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী আশঙ্কা করছেন, বিবাদীরা যেকোনো সময় তার ও পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে। তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শক্রমে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং আইনগত সহায়তা কামনা করেন।তফশীল সম্পত্তি উপজেলার কালিকাপুর মৌজার জে. এল নং: ২৪৪,এস.এ খতিয়ান নং: ৫২২,দাগ নং: ৩১৫০, জমির পরিমাণ, (২৯+১৭) ৪৬ শতক। অভিযুক্ত আলমগীর হোসেন এব্যারে বলেন উক্ত জমি আমার পূর্ব পুরুষদের নামীয়। ভুয়া কাগজপত্রের বলে আমিনুররা দখলে রেখেছে। ইউএনও আমার জমিতে দখলে নিতে বলেছেন, তাই আমি সামন্য ঘেরাবেড়া কেটেছি। এসময়ে এক মহিলা এগিয়ে আসলে তাকে সরিয়ে দেই, তবে আর কিছু হয়নি সেখানে।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি বলেন এঘটনায় অভিযোগ হাতে পেয়েছি তদন্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।