সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউনিয়নে মাদক ও মানব পাচার প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ সাফিয়া পারভীন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন,“মাদক ও মানব পাচার একটি সামাজিক ব্যাধি। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সমাজ থেকে এসব অনৈতিক কর্মকাণ্ড নির্মূল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ওসি মিজানুর রহমান বলেন,“মাদক ব্যবসায়ী বা মানব পাচারে জড়িত কারও নাম-ঠিকানা জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সমাজের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সবসময় জনগণের পাশে আছে।” সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আলী বাক্স গাইন, বর্তমান সভাপতি আল মাহমুদ ছটু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ গাইন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম, বাজার ইউনিটের সভাপতি ডা. ওয়ালিদ মুহতারাম,
এছাড়া কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মাদক ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। পরিবার, সমাজ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।