সাতক্ষীরার কালিগঞ্জে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তারালী ইউনিয়নের কাকশিয়ালী গ্রামে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল জব্বার গাজীর স্ত্রী ফতেমা বেগম (৫৫) নিজ বাড়িতে একাই বসবাস করতেন। গত ৭ সেপ্টেম্বর বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার জামাতা আফজাল হোসেন, মেয়ে খালেদা খাতুন ও তাদের সন্তান সাজেদা খাতুন, সুমাইয়া পারভীন এবং আব্দুল্লাহ একত্র হয়ে ফতেমা বেগমকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মৃত ভেবে অভিযুক্তরা সেখান থেকে চলে যান।
পরে ফতেমা বেগমের বোন সেলিনা খাতুন তাকে উদ্ধার করে সন্ধ্যায় কালিগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার ঘোষাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।