সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিষ্ণুপুর পি.কে.এম মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক তিনি বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন লাভ করেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুন-২০২৬) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির বিশেষ প্রতিনিধি মো. আফজাল হোসেন এবং সহকারী অধ্যাপক তাইজুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পি.কে.এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অ্যাডহক কমিটির সদস্য সচিব অজয় কুমার মণ্ডল, স্থানীয় সুধীজন, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, “বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধকরণ এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সচেতন মানুষের সহযোগিতা কামনা করছি।”
বক্তারা বলেন, ড. মিজানুর রহমানের শিক্ষা ও প্রশাসনিক অভিজ্ঞতা বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলেই নবনিযুক্ত সভাপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
Leave a Reply